বিক্ষিপ্ত সংঘাত, সংঘর্ষ আর আওয়ামী লীগ-বিএনপির পালটাপালটি অভিযোগের মধ্য দিয়ে গতকাল বুধবার যখন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছিল, দিনের প্রথম ভাগে সেই উত্তাপ গড়ায় সংসদেও। একটি বিল পাশের প্রক্রিয়ায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ চসিক ভোটের প্রসঙ্গ তুললে জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক ও বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যরা।
‘দ্য সিভিল কোর্টস (সংশোধন) বিল, ২০২১’ সংসদে পাশের সময় জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যের সময় বিএনপির হারুন বলেন, সংবিধানে বলা আছে সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসন চালাবেন। কিন্তু কী হচ্ছে? নির্বাচনের নামে তামাশা হচ্ছে, প্রহসন হচ্ছে। এর প্রয়োজন কী! ভোটের প্রয়োজন নেই, আইন করে নির্বাহী ক্ষমতাবলে প্রধানমন্ত্রী যাকে খুশি মনোনয়ন দেবেন, তিনি নির্বাচিত হবেন। সকালে দেখলাম, চট্টগ্রাম সিটি ভোটে কী হচ্ছে! এ সময় সরকারদলীয় সদস্যরা হইচই করলে হারুন বলেন, এতটুকুও অসত্য বলছি না। তথ্য জেনেই এখানে কথা বলছি।
এরপর আইনমন্ত্রী আনিসুল হক অন্য সদস্যদের জনমত যাচাইয়ের প্রস্তাবের জবাব দেওয়ার সময় বলেন, আমরা এখানে যারা আছি, গতকালকে জন্ম নিইনি। উনারা নির্বাচনের কথা বলছেন। আমরা জিয়াউর রহমানের সময় ‘হ্যাঁ-না’ ভোট দেখেছি। ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি। ব্যালট বাক্স পাওয়া যেত না। ভোট যে দেবে, ব্যালট বাক্স নেই। যাদের এই চরিত্র, তাদের কাছ থেকে নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে হয়, সেটা শেখার প্রয়োজন নেই। জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি।
