দেশ উন্নত, তাই ভোটদানে মানুষের অনীহা :ইসি সচিব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২৩:১১

দেশ উন্নত হওয়ায় মানুষের মধ্যে ভোটে অনীহা তৈরি হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর। ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, উন্নত বিশ্ব যেমন আমেরিকার নির্বাচনেও ভোটে অনীহা লক্ষ্য করা যায়। আমেরিকার ক্ষেত্রে দেখবেন, সব দিক দিয়ে উন্নত তারা কিন্তু ভোট দিতে যায় না বেশির ভাগ মানুষ। গতকাল বুধবার ভোট শেষে সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, উপস্থিতি তুলনামূলক একটু কম ছিল।        চট্টগ্রামে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। তার চেয়ে একটু কমই হয়েছে। এখনকার নাগরিকদের কেন যেন রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব আছে, ভোট যে তার অধিকার—এটা তারা মনে করছেন না। কষ্ট করে ভোট দিব, কেন যাব অন্যকে ভোট দিতে- এতে লাভ কী আমার; এ ধরনের একটা মনমানসিকতা হয়ে গেছে। দেশ উন্নত হওয়ায় ভোটে অনীহা দেখা দিয়েছে। উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এ লক্ষণ দেখা দিয়েছে। মানসিকতা বদল হয়েছে।