শান্তিনগরে ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০১:০৬

রাজধানীর শান্তিনগর মোড়ে ট্রাকচাপায় ভোলার তজুমদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নিহত হয়েছেন। নিহতের নাম মো. নাসির উদ্দিন দুলাল (৫০)। গত বৃহস্পতিবার ভোরে সিএনজি অটোরিকশায় করে উত্তরা যাওয়ার সময় শান্তিনগর মোড়ে ট্রাক চাপায় গুরুতর আহত হন নাসির উদ্দিন ও তার স্ত্রী মোসা. ফাতেমা বেগম। গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে মারা যান নাসির উদ্দিন। এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির হোসেন দিপু বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন।

নিহতের পরিবারের অভিযোগ, ঘাতক ট্রাকটি রমনা থানা ভবন নির্মাণকাজে মাটি বহনকারী পরিবহন হওয়ায় পুলিশ ট্রাক ও এর চালককে গ্রেফতার করছে না। ঘটনার দিন ট্রাকটি আটক করলেও পরে পুলিশ সেটি ছেড়ে দিয়েছে।

তবে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। ডিসি ট্রাক জব্দের কথা বললেও রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ট্রাক আটক করা হলেও সংশ্লিষ্টতা না পাওয়ায় সেটি ছেড়ে দেওয়া হয়েছে।