রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের এক মামলায় তার ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে রিমান্ডে তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুর ১২টায় সেগুনবাগিচার দুদক কার্যালয়ে অবন্তিকা বড়ালকে আনা হয়। দুদক উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদক সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি পি কে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে পি কে হালদারের বিরুদ্ধে দায়েরকৃত ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ঐ দিনই তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল ছিল তিন দিনের রিমান্ডের তৃতীয় দিনের জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দুদক সূত্র জানিয়েছে। দুদকের তদন্ত কর্মকর্তা অবন্তিকা বড়ালের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই শুরু করেছে।
