দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। কবে আসছে তাদের নতুন অতিথি, এই প্রশ্ন সবারই মনে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করেছিল, বলিউড সেনসেশন কারিনা দ্বিতীয় সন্তান জন্ম দিচ্ছেন ২০২১ সালের মার্চে। কিন্তু এবার সাইফ আলি খান নিশ্চিত করলেন, ফেব্রুয়ারিতেই মা হতে চলেছেন কারিনা।
এদিকে সন্তান ছেলে হবে নাকি মেয়ে এটি নিয়ে এখনো জল্পনা চলছেই। এর আগে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, এখন আমি যেখানেই যাই, আমাকে একটি প্রশ্নই করা হয়। শুধু আমাকে নয়, সাইফকেও করা হয়, তা হলো- ছেলে হবে না মেয়ে? আপনারা কি জানতে পেরেছেন? আমি বলি, সন্তান ছেলে অথবা মেয়ে পার্থক্য কী? একজন ছেলে যা করতো আমার মা-বাবার জন্য তার চেয়ে বেশি আমি করেছি।
আরও পড়ুন: বেবি বাম্পে কারিনার ইয়োগা
নবাব পুত্র সাইফ আলী খানের সঙ্গে বলিউড কুইন কারিনা কাপুরের বিয়ে হয় ২০১২ সালে। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এই দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

নতুন অতিথির আগমনের সঙ্গেই দায়িত্ব বেড়ে যাবে অনেকটাই। জীবন যাপনেও পরিবর্তন আসবে। তবে এবার অনেক বেশি সাবধানী তারা। তৈমুরের মতো আলোকবৃত্তে আসতে দিতে চান না নতুন অতিথিকে।
স্বয়ং কারিনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তৈমুরের নাম বিতর্কের পর দ্বিতীয় সন্তানের নাম কী হবে, তা নিয়েও ভাবার সাহস পাননি। তাই নামকরণের কাজটি তারা তুলে রেখেছেন শেষ মুহূর্তের জন্য। আপাতত নতুন অধ্যায় শুরুর দিন গুনছেন সাইফ-কারিনা।
ইত্তেফাক/বিএএফ
