কান উত্সব নিয়ে শঙ্কা আবারো বাড়লো

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৯:৫৯

করোনা ভাইরাসের কারণে গতবছর একের পর এক তারিখ পিছিয়ে শেষ পর্যন্ত আয়োজিত হয়নি চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উত্সব। সেই হাওয়া এবারের উত্সবেও লাগলো। চলতি বছরও এই উত্সবের তারিখ পেছানো হলো। আগামী মে মাসে উত্সবটি আয়োজনের কথা থাকলেও আয়োজকরা জানালেন, মে নয়, জুলাইয়ে বসতে পারে ৭৮তম কান উত্সব। তবে আদৌ কান উত্সব বসবে কি-না সেটা নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে জোর সমালোচনা। আয়োজকরা জুলাইয়ের ৬ থেকে ১৭ তারিখ উত্সবটি আয়োজনের কথা বললেও সেসময় যে আসরটি বসবে তেমন কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কারণ ইউরোপজুড়ে নতুন করে চলছে লকডাউন। উত্সবটি ফ্রান্সের কান শহরে হয়ে থাকে। তাই ইউরোপের এই প্রাণকেন্দ্র জুলাইয়ের আগে কতটা সবল হয়ে উঠতে পারবে, সে প্রশ্নও থাকছেই। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জুন মাসে কান শহরে মিপিম রিয়েল এস্টেট সম্মেলনের আয়োজন করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে জুলাইতে কান উত্সবের আয়োজন করা যাবে কি-না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, জুলাইয়ের পর বিশ্ব চলচ্চিত্রের সিডিউল আরো ব্যস্ত। কারণ আগস্ট বা সেপ্টেম্বর পরবর্তী সময়ে ভেনিস ও টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে। তাই জুলাইয়ের মধ্যেই বোঝা যাবে চলতি বছরের কানের ভাগ্য।