মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার পার করেছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কয়টি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সব কয়টি মূল্যসূচক বাড়লেও ডিএসইর লেনদেনে গতকাল অংশ নেওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আর কমেছে ১৩১টির। আর ৯৪টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৪১ কোটি ৮ লাখ টাকা। যা আগের দিন ছিল ৯০৫ কোটি ৯০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৬৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ব্রিটিশ আমেরিকান টোবাকো, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এনার্জিপ্যাক পাওয়ার, সামিট পাওয়ার, আইএফআইসি ব্যাংক ও রিপাবলিক ইনসিওরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৭টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।
