সাধুমেলায় মোহনীয় বাউল সুর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:১১

যেন এক খণ্ড ছেঁউড়িয়া এসে উপস্থিত হয়েছিল শিল্পকলা একাডেমি চত্বরে। সন্ধ্যার আলো-ছায়ায় এক মোহময়তা ছড়িয়ে দেয় বাউলের সুর, গানের বাণী। এই বাউলদের টানে এসেছেন ভক্তরা। বাউলধারার গানে, কথায় পুরো এলাকা মেতে উঠেছে। পূর্ণিমা তিথির সাধুমেলায় মিলিত হয়েছেন দেশের স্বনামধন্য বাউল শিল্পীরা। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পূর্ণিমা তিথির মাসিক সাধুসঙ্গ আয়োজনের ধারাবাহিকতায় গতকাল একাডেমি প্রাঙ্গণ বটতলায় আয়োজন করা হয়েছিল সাধুসঙ্গের ২২তম আসর। বিকাল ৪টা থেকে শুরু হয়ে আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত। শুরুতে বাউল দলের শিল্পীদের কণ্ঠে সাঁইজির ভাববাণী এবং শিল্পকলা একাডেমি বাউল দলের ভাববাণী পরিবেশিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, আজমল শাহ, সমীর বাউল, অধ্যাপক ড. জাহিদুল কবির লিটন, মাসুদ শামীম, সন্ধ্যা রাণী দত্ত, অমীয় বাউল ও মোতালেব বাউলসহ বিভিন্ন জেলার শিল্পীবৃন্দ। এর আগে আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নিপা চৌধুরী, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লালন গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করিম। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ শুক্রবার শুরু হচ্ছে ‘যাত্রা শিল্পের নবযাত্রা’ শীর্ষক যাত্রা উত্সব ২০২১। চার দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি দল অংশগ্রহণ করছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পযন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে যাত্রাপালা। আসন খালি থাকা সাপেক্ষে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।