কুমিল্লায় বড় ম্যাচে সুন্দর আয়োজনের ছাপ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:২৩

কুমিল্লার শহরটা যেন যানজটের শহর। ইজিবাইক, রিকশা, সিএনজির ভিড় যেখানে-সেখানে। মোড়ে মোড়ে ট্র্যাফিক জ্যামটা একটু বেশি চোখে পড়ল। তার ওপর এই শহরে মোহামেডান আবাহনীর মতো খ্যাতনামা দুই দল খেলতে আসায় সেই শহরটা যেন আরো বেশি আলোচনায় মুখরিত।

শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের আশপাশে লোকজনে ভরপুর। চার দিকে নিরাপত্তা বাহিনীর ব্যস্ততা। খেলোয়াড়দের দেখার জন্য উত্সুক চোখগুলো মাত্রই মাঠ হতে বেরিয়েছেন মোহামেডান আবাহনীর খেলোয়াড়রা। গ্যালারি হতে দর্শকও তাদের পিছু নিয়েছে। এক নজর দেখার জন্য ছুটছে গাড়ির পেছনে। একটা সেলফি তুলতে মোবাইল ফোনটা নিয়ে ছুটে যাওয়ার ছবিটা চোখে পড়ার মতোই।

এবারই প্রথম মোহামেডান আবাহনী এক সঙ্গে কুমিল্লার মাটিতে ফুটবল শৈলী দেখাতে এসেছে। প্রিমিয়ার ফুটবল লিগের বদৌলতে। এখানকার ফুটবল অনুরাগীরাও ছুটে গিয়েছেন এমন ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে। একতলা গ্যালারি প্রায় পুরোটাই ভরে গিয়েছিল একপাশে মোহামেডান গ্যালারি অন্য পাশে বসুন্ধরা কিংসের গ্যালারি। এই গ্যালারিতেই আবাহনীর সমর্থকরা আসন নিল। ঢাকা হতে এসেছিলেন মোহামেডানের সমর্থকরাও। মহপাগল নামের সংগঠনের কর্মকর্তারা বড় গাড়ি ভাড়া করে খেলা দেখতে গিয়েছিলেন। সাদাকালো পতাকা, আবাহনীর আকাশি নীল পতাকা উড়তে দেখা যায়।

সাবেক ফুটবলার সাব্বির, কানন, জোসি, রিয়াজ, ৭০ দর্শকের ঢাকার মাঠের খ্যাতনামা ফুটবলার ভানুদা এসেছিলেন মাঠে। ঢাকা হতে উড়ে এসেছিলেন মোহামেডানের অন্তবর্তীকালীন সভাপতি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, মোহামেডানের পরিচালক কবির আহমেদ ভুঁইয়াসহ অনেকেই।

প্রয়াত সংগঠক বাদল রায়ের ছবির ওপরে ফুলের মালা পরিয়ে গ্যালারিতে এসেছিলেন স্থানীয় দর্শক। তাদের মধ্যে ছয়-সাত জন মোহামেডানের সাদাকালো পতাকা দিয়ে লুঙ্গি-পাঞ্জাবির মতো করে পোশাক বানিয়ে স্টেডিয়ামে বসার দৃশ্য সবার চোখ কেড়ে নিয়েছে। স্মরণ করিয়ে দিয়েছে বাদল রায়কে। বাদল রায় কুমিল্লার এই মাঠে খেলেছেন। তার সঙ্গের অনেক খেলোয়াড় রয়েছেন, অনেকে সংগঠক হয়ে এখন কুমিল্লার ক্রীড়াঙ্গনে সেবা দিচ্ছেন। সুন্দর আয়োজনের ছাপ রেখেছেন।