কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে রায়ো ভালকানোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে বুধবার এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ভালকানো মিডফিল্ডার ফ্রান্সিসকো গার্সিয়া গোল করে বসলে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বার্সার। ৬ মিনিটের মধ্যেই আতোয়ান গ্রিজমানের পাস থেকে গোল করে সমতা ফেরান মেসি। ৮০ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের জয়সূচক গোলটির কারিগরও মেসিই। তার পাস থেকেই বাম পাশে বল পান জর্ডি আলবা, যার ক্রসে পা ছুঁইয়ে গোল করেন ডি ইয়ং। অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ আগেই বাদ পড়ে যাওয়ায় একমাত্র পরাশক্তি হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বার্সা।
