চসিকে আওয়ামী লীগের জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই ফসল ---------- ওবায়দুল কাদের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:২৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই ফসল। বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন জানান এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি।

লক্ষ্মীপুরের প্রায় সব সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও    সেতুমন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চার লেন, ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চার লেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনলে যতই উন্নয়ন করা হোক না কোনো লাভ হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না, টেকসই, মানসম্মত কাজ করতে হবে।