খুলনায় শতকোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার তিন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২৩:০৫

খুলনায় প্রায় ১০০ কোটি টাকা মূল্যের দুর্লভ সাপের বিষসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে সাপের বিষসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিন জন হলেন পাবনা জেলার বেড়া উপজেলার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবনার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুত্ফুর রহমান (৪৮) ও যশোর সদর উপজেলার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)।

র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশোনুল ফিরোজ জানান, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে ছয়টি কনটেইনারে সন্দেহজনক ১২ পাউন্ড সাপের বিষসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।          তিনটি তরল ও তিনটি পাউডার অবস্থায় রয়েছে সাপের এই বিষ। উচ্চ পর্যায়ের মাদক সেবন বা প্রস্তুতকাজে এই বিষ ব্যবহূত হয়ে থাকতে পারে। কনটেইনারে মেইড ইন ফ্রান্স লেখা আছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, এ ধরনের সাপের বিষের এক পাউন্ডের বাজারমূল্য ৭ কোটি টাকার বেশি। সে হিসাবে ১২ পাউন্ডের দাম প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, ফ্রান্স থেকে এনে অন্য কোথাও পাচার করা ছিল পাচারকারী চক্রের উদ্দেশ্য।