ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ভাঙ্গায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ‘আসুন গিবত-ষড়যন্ত্র ও হানাহানির রাজনীতি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি করি। আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আর আমি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা উভয়েই একই রাজনীতির ধারায় আছি। আসুন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করে দক্ষিণবঙ্গের আমূল পরিবর্তন করি। প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত হাইওয়ে এক্সপ্রেস নির্মাণ করে দিয়েছেন। দেশ-বিদেশের পর্যটকরা এখানে বেড়াতে এসে যদি এ পৌরসভার বাজারে প্রবেশ করে, তাহলে তারা বস্তি ছাড়া কিছুই দেখতে পাবে না। কারণ দীর্ঘ ৪০ বছর এখানে কোনো উন্নয়ন হয়নি। তাই আমাদের সম্মান বাঁচাতে আসুন আর হানাহানি নয়, ভাঙ্গাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করি। আজ মঞ্চে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন। একমাত্র আপনিই বাইরে। তাই আর মান-অভিমান নয়, আসুন এক মঞ্চে উঠে দেশের স্বার্থে কাজ করি।’ বৃহস্পতিবার বিকালে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার বণিক সমিতির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীকে এই সংবর্ধনা দেওয়া হয়। বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক মিরু মুন্সীর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সীর তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের নেতাকর্মী ও ভাঙ্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ।
