বড়াইগ্রামে নতুন জামা না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২৩:০৭

বড়াইগ্রামে নতুন জামা না পেয়ে আরজু খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরজু উপজেলার চকপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে এবং রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে আরজু নতুন জামা কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিল। কিন্তু গরিব পিতা টাকার অভাবে নতুন জামা কিনে দিতে পারছিলেন না। গত বুধবার বিকালে তার মা মেয়েকে বাড়িতে রেখে ছাগলের খাবার সংগ্রহ করতে পাশের বিলে যান। এ সময় আরজু ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় তার মা ফিরে এসে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।