তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গোপালগঞ্জ :রাস্তা পারাপারের সময় বাস চাপায় বাইসাইকেল আরোহী আব্দুল হাই ফকির (৭০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাই ফকির মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।
ডামুড্যা (শরীয়তপুর) :ডামুড্যা উপজেলায় গতকাল ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহাল ছৈয়াল (১৭) নিহত হন। নিহাল ছৈয়াল ডামুড্যা পৌরসভাধীন দক্ষিণ ডামুড্যা গ্রামের মো. নজরুল ইসলাম শিশু ছৈয়ালের পুত্র।
গাজীপুর :মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. নাবিল (৯) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দক্ষিণ ছায়াবিথী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাবিল স্থানীয় দক্ষিণ ছায়াবিথী এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেনের ছেলে। সে স্থানীয় ইশাতুল হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
