ভারতীয় সন্ত্রাসী পরিচয়ে ঢাকার গুলশান এলাকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন ঢালির কাছে চাঁদা দাবি ও গাড়িতে নকল বোমা রেখে হুমকি দেওয়ার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত কিশোরের নাম ইমান হোসেন (১৭)। বুধবার মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমান হোসেন জানিয়েছে তার বাবা শহিদ বিশ্বাস ব্যবসায়ী গিয়াস উদ্দিন ঢালির মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গ্রামের বাড়ির কেয়ারটেকার। দ্রুত ধনী হওয়ার জন্য সে ঢালি পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা আদায়ের পরিকল্পনা করে। হিন্দি সিনেমা, সিরিয়াল, ইউটিউব দেখে নকল বোমা বানানো এবং সন্ত্রাসী পরিচয়ে হুমকি ধমকি দেওয়ার কৌশল আয়ত্ব করে সে।
