তাইওয়ানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। বৃহস্পতিবার দেশটি তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, স্বাধীন হওয়ার চেষ্টা করলে যুদ্ধের মুখোমুখি হতে হবে। সম্প্রতি তাইওয়ানের আকাশে যুদ্ধবিমান ওড়ানোসহ সামরিক মহড়া চালানোর পর এই হুঁশিয়ারি দিল বেইজিং। খবর রয়টার্সের
তাইওয়ানকে চীন নিজের একটি প্রদেশ মনে করে। কিন্তু তাইওয়ান স্বাধীন দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে চায়। চীনের ধারণা, তাইওয়ানের নির্বাচিত সরকার আনুষ্ঠানিক স্বাধীনতা দেওয়ার দিকে হাঁটছে। যদিও তাইওয়ানের প্রেসিডেন্ট তেসাই ইং ওয়েন বলেছেন, তারা ইতিমধ্যেই স্বাধীন দেশ যার নাম রিপাবলিক অব চায়না। মাসিক এক ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, সম্প্রতি তাইওয়ান প্রণালিতে সামরিক মহড়া চালানো জরুরি হয়ে পড়েছিল। কারণ তাইওয়ানের নিরাপত্তা এবং চীনের সার্বভৌমত্বে ঝুঁকি তৈরি হয়েছে। আবার সেখানে বিদেশি শক্তির উসকানিও লক্ষ করা যাচ্ছে। মুখপাত্র বলেন, কিছু মানুষ তাইওয়ানের স্বাধীনতার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আগুন নিয়ে যারা খেলা করবেন তারাই সেই আগুনে পুড়বেন এবং তাইওয়ানের স্বাধীনতা মানে যুদ্ধ। তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, চীনকে সতর্কতার সঙ্গে চিন্তা করা উচিত এবং দ্বীপটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রকে খাটো করে দেখা উচিত নয়।
