মতিঝিলের ১১ মামলার আসামি হারুন দুই দিনের রিমান্ডে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০০:৩৬

প্রতারণা, চাঁদাবাজি, জালিয়াতি ও ব্ল্যাক মেইলিংয়ের অপরাধে জড়িত ১১ মামলার আসামি হারুন অর রশিদ (৩২) ওরফে বডি বিল্ডারকে রাজধানীর বাড্ডা  লিংক রোডের শরিয়তপুর টাওয়ার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মতিঝিল থানা পুলিশ গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে ২ দিনের রিমান্ডে নিয়েছে। গ্রেফতারকৃত হারুন অর রশিদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে নানাভাবে ব্ল্যাকমেইলিং করার অভিযোগ রয়েছে। বেশ কয়েক জন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার ফাঁদেও ফেলেছেন তিনি।

মতিঝিল থানাপুলিশ জানায়, এক ভুক্তভোগী বাদী হয়ে তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়। হারুনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি ছাড়াও জাল দলিল তৈরি, অস্ত্র মামলা, সরকারি সম্পত্তি চুরিসহ তথ্য প্রযুক্তি আইনে মতিঝিল থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।