যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের কোয়ারেন্টাইনে ভোগান্তির অভিযোগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৫:১৮

করোনাকালীন সময়ে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের ভোগান্তির শেষ নেই। সিলেট বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পদে পদে ভোগান্তি। খাদিমনগরস্থ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের করুণ অবস্থায় প্রবাসীসহ সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করে তুলেছে।

যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় তাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় নারী ও শিশু যাত্রীদের। সিলেট বিমান বন্দর থেকে শহরে আসার দূরত্ব সব মিলিয়ে মাত্র এক ঘণ্টার। কিন্তু নির্ধারিত হোটেলে পৌঁছাতে সময় লাগে চার-পাঁট ঘণ্টা। এ ভোগান্তির মূল কারণ যানবহনের অব্যবস্থাপনা। 

আরও পড়ুন: যুক্তরাজ্য ফেরতদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

এদিকে, খাদিমনগরস্থ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিবেশ নিয়ে সিলেটে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যে থার্মাল স্ক্যানার দিয়ে প্রবাসী যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হয়, সেটিতে প্রকৃত ফলের চেয়ে বেশি রিডিং দেখায়। প্রবাসীদের এ অভিযোগের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা দৃষ্টিগোচর হয় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের। তিনি বিষয়গুলো খতিয়ে দেখতে বার্তা পাঠিয়েছেন সিলেটে করোনা পরিস্থিতির সমন্বয়ক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে।

আরও পড়ুন: দীর্ঘদিন ভারতে সাজাভোগের পর দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি

জানা গেছে, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটে এসে পৌঁছান ১৫৭ জন যাত্রী। নিয়ম অনুযায়ী তাদের সিলেটের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয় চার দিনের জন্য। গত ২৪ জানুয়ারি এসব প্রবাসীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। পরদিন সোমবার জানা যায়, ঐ ১৫৭ জনের মধ্যে ২৮ জন করোনা আক্রান্ত। ফলে তাদের খাদিম ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঐ হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিশেষ করে টয়লেটের নোংরা পরিবেশের একটি ভিডিও প্রবাসীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে, যুক্তরাজ্য থেকে সিলেটের ২৮ জন প্রবাসী মহামারি করোনায় আক্রান্ত হয়ে আসার খবরে উদ্বিগ্ন স্বাস্থ্যবিভাগও। উদ্ভূত পরিস্থিতিতে ওই প্রবাসীদের শারীরিক তথ্য ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে ঢাকা থেকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাত সদস্যের একটি বিশেষ টিম মঙ্গলবার সিলেটে যায়।

ইত্তেফাক/কেকে