সবার সহযোগিতা নিয়ে গড়ব পরিকল্পিত নগরী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৮:৪৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

তিনি বলেছেন, সবার সঙ্গে পরামর্শ করে ও সবার সহযোগিতা নিয়ে চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। আমার স্বপ্ন শিশুদের খেলার মাঠ। আমাদের শিশুরা সেখানে খেলবে প্রাণভরে। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছাজানাতে আসা সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগের রেজাউল করিম মেয়র নির্বাচিত

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিভিন্ন এলাকায় অনেক সমস্যা আছে। এসব সমস্যা সমাধানে সর্বস্তরের মানুষের বুদ্ধিপরামর্শ ও সহযোগিতা নেব। এলাকার মানুষই এলাকার সমস্যাগুলো দেখিয়ে দেবেন। তাদের যেসব পরামর্শ গ্রহণযোগ্য হবে, সেসব পরামর্শই গ্রহণ করব এবং বাস্তবায়ন করব। তখন কেউ আর এককভাবে মেয়রকে দোষারোপ করতে পারবেন না।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটি নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে আওয়ামী লীগের রেজাউল

রেজাউল করিম চৌধুরী বলেন, আমি ভেবে দেখেছি প্রত্যেকটা ওয়ার্ডে যদিও খেলার মাঠ করা সম্ভব নয়, যেখানে সরকারি পর্যাপ্ত জায়গা আছে, চেষ্টা করব ছোট হোক বড় হোক যদি সেখানে খেলার মাঠ করে দেওয়া যায় তাহলে আমাদের শিশুরা সেখানে গিয়ে খেলতে পারবে। কিশোর গ্যাং-এর কথা বলা হয়। আজকে যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে। কেন হচ্ছে? তারা আসলে কোনো ভালো পরিবেশ পাচ্ছে না। যদি সাংস্কৃতিক চর্চার দিকে তাদের ধাবিত করতে পারি তাহলে অনেকাংশে আমাদের যুবকদের সেখান থেকে সরিয়ে আনতে পারব। তাই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যতটুকু পারা যায় সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলার একটা চিন্তা-ভাবনা আমার আছে।

ইত্তেফাক/এমআর