সরকারি দায়িত্ব পালন না করা, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা ও এডিপির অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) অর্থ ব্যয়ে অনিয়মসহ নানা অভিযোগে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার বিভাগ গত ২১ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার তিনি হাতে পেয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌরশাখা-২) এর উপ-সচিব ফারজানা মান্নান সাক্ষরিত ওই প্রজ্ঞাপন বলা হয়, সরকারি দায়িত্ব পালন না করা, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা ও এডিপির অর্থ ব্যয়ে অনিয়ম করাসহ নানা অভিযোগে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হল।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রের তৈরির কারখানার সন্ধান
অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে মেয়র মোশাররফ হোসেন বলেন, ‘তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন।’
নাটোরের বাগাতিপাড়া পৌরসভা না রাখার পক্ষে স্থানীয় সাংসদের আবেদনের প্রেক্ষিতে সরকার বাগাতিপাড়া পৌরসভা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি এ পৌরসভায়। তাই একটানা ১৬ বছর এই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন।
২০০৪ সালে বাগাতিপাড়া পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর ওই বছরের ২৬ জুলাই মোশারফ প্রশাসকের দায়িত্ব পান। এরপর ২০০৬ সালের নির্বাচনে প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন এবং ২০০৮ সালে পদ পরিবর্তন হয়ে মেয়র হন মোশারফ।
ইত্তেফাক/এএএম
