আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিচার চায় জম্মু কাশ্মীর ঐক্য ফাউন্ডেশন 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৬:২৪

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে পাকিস্তানের গণহত্যার বিচার দাবি করেছে জম্মু ও কাশ্মীর ঐক্য ফাউন্ডেশন। বৃহস্পতিবার ২৮ জানুয়ারি পাকিস্তানের বিচারের দাবি জানান তারা।

নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারে এ দাবি করা হয়। এ সময় তারা গণহত্যা প্রতিরোধের জন্য আন্তর্জাতিক জোট গঠনের ইচ্ছার কথাও ঘোষণা করেছে।

সেমিনারে আদালতের প্যানেল সদস্যরা পাকিস্তানকে গণহত্যার দেশ হিসেবে অভিহিত করেছেন। কারণ হিসেবে বলা হয়, দেশটি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বেলুচিস্তান, হাজারাস, আফগানিস্তান ইত্যাদি দেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে গণহত্যা চালিয়ে আসছে। প্যানেল সদস্যরা বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের জননী এবং বিশ্বজুড়ে প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। 

আরও পড়ুন: ‘ভারতের ভ্যাকসিন তৈরির ক্ষমতা গোটা বিশ্বের সম্পদ’

জম্মু কাশ্মীর ঐক্য ফাউন্ডেশনের সভাপতি আজাত জামওয়াল বলেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের চালানো গণহত্যাগুলোর স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। 

অনুষ্ঠানে বব ব্ল্যাকম্যান তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হলোকস্টের দিনটি পালন করে। গণহত্যা প্রতিরোধের জন্য এবং সঠিক চিন্তা-চেতনার জন্য সবাই একত্রে গণহত্যা প্রতিরোধের লড়াইয়ে জড়িত হওয়া জরুরি বলে তিনি মনে করেন।

বাংলাদেশ থেকে ডা. নুজহাত চৌধুরী বলেন, বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের হাতে গণহত্যার শিকার হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালে হিন্দু বা মুসলমানের মধ্যে পার্থক্য না করেই বাংলাদেশিদের হত্যা করেছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ক্ষোভ ঝাড়লেন’ ইমরান খান

ফ্রাঙ্কোইস গৌটিয়ার কাশ্মীরি হিন্দুদের গণহত্যা, বাংলাদেশ ও পাকিস্তানের গণহত্যার বিষয়ে বক্তব্য দেন। সন্ধ্যা জৈন বেলুচিস্তানে পাকিস্তানি শোষণের ঘটনা বর্ণনা করেন। বাসির আসাদ বলেন, বাধা দানকারীদের শক্ত হাতে মোকাবেলা করা দরকার।

ইত্তেফাক/এএইচপি