সমকালীন পথে-ঘাটে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৩

 

হঠাত্ কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে, তাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট। এও বলি—অ্যাক্সিডেন্ট তো আর বলে-কয়ে ঘটে না কিংবা অ্যাক্সিডেন্ট কি আর প্রতিদিন হয়। কিন্ত লক্ষ করে দেখুন, কথাগুলো কি আদৌ সত্যি? কী করে সত্যি বলবেন, এমন কোনো দিন আছে যেদিন খবরের কাগজে কোনো দুর্ঘটনার সংবাদ থাকে না? আমার তো মনে হচ্ছে দুর্ঘটনার নাম বদলে অহরহ ঘটনা রাখা হলে ভুল কিছু হবে না, বরং অভিধানের শুদ্ধি হবে। অন্তত সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তা-ই বলা শ্রেয়।

সব দেশেই কম-বেশি সড়ক দুর্ঘটনা ঘটে, আমাদের দেশের মতো ঘটতেই থাকে না। গোটা পৃথিবীর মানচিত্রে বিন্দুসম দেশটায় একদিনে যত মানুষ রাস্তায় প্রাণ দেয়, অন্য কোনো বিশাল জনসংখ্যার দেশে এমন হয়? অন্যান্য দুর্ঘটনার কথা নাহয় বাদ দিলাম।

দোষ কিন্তু স্রেফ একটাই। সেটা হলো—আমরা অন্যের ঘাড়ে দোষ ঠেলে দিতে ভালোবাসি। বলি, অমুক প্রশাসন এমন করেছে, আনট্রেইনড ড্রাইভারের গাফিলতি ইত্যাদি ইত্যাদি।

অথচ ফুটওভারব্রিজ ব্যবহার করি না। দেখতেই পাচ্ছি অল্পবয়স্ক প্রশিক্ষণহীন চালক বাসের সিটে বসা; তবু সেই বাসেই চেপে বসি। সব যাত্রী একযোগে বাস থেকে নেমে পড়ি না, যাতে বাসটা অচল হয়ে পড়ে। জ্যামের ভয়ে ড্রাইভার ঝুঁকিমূলক ওভারটেকিং করে একরকম দৌড় প্রতিযোগিতা শুরু করলে, তাকে ধমক না দিয়ে স্বস্তি পাই। কারণ অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমরা সবাই পুরোপুরি নির্দোষ, তবু রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। তবেই না দোষারোপ করাটা আমাদের মুখে মানিয়ে যায়।

আরেকটা অনুরোধ, কোনো পত্রিকায় বা সংবাদে দেশে মোট কতজন লোক শুধুমাত্র দুর্ঘটনায় নিহত হলো, তার পরিসংখ্যান প্রতিদিন দেখালে জনসাধারণের একটু মনোযোগ আকর্ষিত হতো, যেমনটা করোনায় মৃতদের মোটসংখ্যা দেখে আমরা আঁতকে উঠি। কী বলুন!

ফজিলাত উন নেছা