বিনোদন রিপোর্ট
না ফেরার দেশে চলে গেলেন সংগীত গুরু সঞ্জীব দে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
ফরিদ আহমেদ বলেন, ‘সঞ্জীব দে তার নয়াটোলার বাসায় হঠাত্ অসুস্থ হওয়ায় রাত ১১টার দিকে তাকে ধানমণ্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে।’ সঞ্জীব দের প্রয়াণ প্রসঙ্গে তার শিক্ষার্থী দিনাত জাহান মুন্নী বলেন, ‘প্রথমে শুনেছিলাম গুরুজি হার্ট অ্যাটাক করেছেন। পরে জানতে পারি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বিষয়টি মানতে খুব কষ্ট হচ্ছে। প্রার্থনা করি গুরুজি যেখানে থাকুক, ভালো থাকুক।’
উল্লেখ্য, সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীত গুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে। পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবনযাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গসংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দের সংগীতের সঙ্গে পথচলা। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই। সঞ্জীব দের চলে যাওয়া দেশের সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংগীত অঙ্গনের সকলেই।
