দিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৫:২৩

ভারতে রাজধানী দিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  শুক্রবার বিকেলে দূতাবাস সংলগ্ন এলাকা প্রচণ্ড শব্দে কেঁপে উঠে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দিল্লি পুলিশ। তবে এখনও হতাহত খবর পাওয়া যায়নি।

দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। জানা যায়, দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে তারা। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী দল। 

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন দূতাবাসের সমস্ত কর্মীরা সুরক্ষিত আছেন।ফুটপাতের উপর বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। রাস্তার পাশে ডিভাইডারের উপর রাখা একটি ফুলের টবে রাখা ছিল বিস্ফোরক। 

আরও পড়ুন:  ভারতে করোনা বিধিনিষেধ আরও শিথিল

দিল্লির বিজয়চক থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই বিস্ফোরণটি ঘটেছে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ সেখানে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে, দিল্লি সীমান্তে চলছে কৃষক বিক্ষোভও। এহেন পরিস্থিতিতে রাজধানীর বুকে বিস্ফোরণে রীতিমতো নড়েচড়ে বসেছে নিরাপত্তা মহল।

এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইসরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইরানের হাত থাকার অভিযোগ উঠেছিল। ফলে রীতিমতো কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছিল তেল আবিব, নয়াদিল্লী ও তেহরানের মধ্যে।

ইত্তেফাক/এএইচপি