ছোট্ট শিশুর বন্ধুত্বের ডাকে সায় দিল হরিণশাবক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২১:১৬

ছোট্ট শিশুর বন্ধুত্বের ডাকে বনের পশুও সায় দিল। ঘরের বাইরে খেলার জন্য বের হয়ে একটি হরিণশাবককে সে বন্ধু বানিয়ে ঘরে ফিরল। এ ঘটনায় তার মা রীতিমতো হতবাক।

সম্প্রতি কুয়াশাচ্ছন্ন এক বেলায় শিশু ডমিনিক বাইরে খেলতে বের হয়। কিছুক্ষণ পরই সে বাড়িতে ফিরে একটি হরিণশাবককে নিয়ে। খুবই নিরীহদর্শন হরিণটিকে দেখে তার মার চক্ষু ছানাবড়া। তত্ক্ষণাত্ তিনি দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। পরে এটি ফেসবুকে পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ম্যাসানুটেন রিসোর্টে ঘটনাটি ঘটে। হরিণরা সাধারণত ভীতু প্রকৃতির হয়। কিন্তু এ ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। এ নিয়ে ফলাও করে খবর প্রকাশ করেছে ফক্স, এবিসি নিউজের মতো বড় বড় গণমাধ্যমও। চার বছরের শিশুটির পাশে হরিণটি কোনো অস্বস্তিবোধ করছিল না। এমন ছবির পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ১৬ হাজার, কমেন্ট  ৪ হাজার আর ২৯ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। মা স্টেফানি জানিয়েছেন, হরিণশাবকটি যেন দলছুট না হয় সেজন্য তাকে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে।            —এনডিটিভি