তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়িস সাঈদকে রহস্যময় একটি খামের মাধ্যমে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। নিরাপত্তার কারণে খামটি খুলেছিলেন অফিসের অন্য এক কর্মকর্তা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সন্দেহের তীর এখন ইসরাইলের দিকে।—পার্স টুডে
বিশেষজ্ঞরা বলছেন, এই বিষাক্ত পদার্থ যদি কয়েক মিলিগ্রামও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে ঢোকে, তাহলে ঐ ব্যক্তির তাত্ক্ষণিক মৃত্যু হতে পারে। বিষমিশ্রিত চিঠিটি প্রেসিডেন্টের প্রাসাদে বুধবার পাঠানো হয়েছিল। এ ঘটনার পর থেকে তার কাছে যাওয়ার আগে সব ধরনের চিঠিপত্র পরীক্ষা করা হচ্ছে। কায়িস সাঈদের ভাই নোফাল নিশ্চিত করেন, প্রেসিডেন্ট সুস্থ রয়েছেন। তাকে হত্যার চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে তিউনিসিয়ার পিপলস মুভমেন্টের নেতা জহির আল-মাগজাভি বলেন, প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার জন্য ইসরাইলকে সন্দেহ করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট সাঈদ বহু বার আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদ জানিয়েছিলেন।
