স্পোর্টস ডেস্ক
লিগে প্রায় ৪০ দিনের জয়হীন ও গোলহীন যাত্রার সমাপ্তি টানল লিভারপুল। জোসে মরিনহোর টটেনহাম হটস্পারকে বৃহস্পতিবার তাদের ঘরের মাঠে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
ইনজুরিতে জর্জরিত রক্ষণভাগ ও খেই হারিয়ে ফেলা আক্রমণভাগ নিয়ে লিভারপুলের পিঠ দেওয়ালেই ঠেকে গিয়েছিল একরকম। নিন্দার ঝড়কে মাথা পেতে নিয়ে ম্যাচের আগে ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘আমাদের সম্বন্ধে যত নেতিবাচক কথা বলা হয়, আমরা তত শক্তিশালী হই।’ ক্লপের ডাকে সাড়া দিয়েই যেন টটেনহাম হটস্পার স্টেডিয়ামে নেমেছিল উদ্যমী অলরেডরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই সন হিউয়েঙ-মিনের গোল অফসাইডে বাতিল হলে গুরুত্বপূর্ণ একটি লাইফলাইন পায় লিভারপুল। এরপর দুই দলই একাধিক বার আক্রমণে গেলেও গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের একদম শেষ মিনিটে সাদিও মানের ক্রসে পা ছুঁইয়ে গোল করেন লিভারপুলের ‘ডিফেন্সিভ স্ট্রাইকার’ রবার্তো ফিরমিনো। শেষ হয় লিগে লিভারপুলের প্রায় ৮ ঘণ্টার গোলহীন যাত্রার।
দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী রূপ ধারণ করে লিভারপুলের আক্রমণভাগ। ৪৭ মিনিটে মানের শট স্পার্স গোলরক্ষক হাতে লেগে ফিরে আসে, ফিরতি শটে গোল করেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। তার ২ মিনিটের মধ্যেই অবশ্য মিডফিল্ডার পিয়ের এমিল হয়বিয়ার্গের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্পার্স। ৫৬ মিনিটে মানের পাস থেকে গোল করেন মোহামেদ সালাহ। কিন্তু পরবর্তী সময়ে ভিএআর চেকে স্পার্সের এরিক ডায়ার ও লিভারপুলের ফিরমিনোর হ্যান্ডবল ধরা পড়লে বাতিল হয় এই গোল। অবশ্য তৃতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলের। এর ৯ মিনিটের মধ্যেই ট্রেন্টের দুর্দান্ত এক ক্রস থেকে গোল করেন মানে। এই স্বস্তির জয়ের পর এখন টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে সালাহরা। আর ষষ্ঠ স্থানে অবস্থান করছে মরিনহোর স্পার্স।
