স্পোর্টস ডেস্ক
প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের জন্মদিন পালন করতে গিয়ে একটু বিপাকেই পড়ে গিয়েছেন জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৭ জানুয়ারি জর্জিনার জন্মদিন পালন করতে গিয়ে ইতালির কোভিড প্রটোকল ভঙ্গ করার পুলিশি অভিযোগ এসেছে এই যুগলের বিরুদ্ধে।
গত বুধবার জর্জিনার ২৭তম জন্মদিনে স্পালের বিপক্ষে জুভেন্তাসের ম্যাচ থাকলেও তাতে অংশগ্রহণ করেননি এই পর্তুগিজ। না খেলে জর্জিনাকে নিয়ে ভ্যালে ডি অস্তায় তুষারঘেরা একটি পাহাড়ি রিসোর্টে কাটিয়েছেন সারা দিন। দিনব্যাপী এই জন্মদিন উদ্যাপন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেই ফেঁসে গিয়েছেন এই পর্তুগিজ তারকা। ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেট ডেল্লো স্পোর্টস বলছে, বেড়াতে গিয়ে ইতালির কোভিড প্রটোকল ভঙ্গ করেছেন রোনালদো ও জর্জিনা। স্থানীয় পুলিশ এ ব্যাপারে এখন তদন্ত করছে বলেও জানিয়েছে তারা। অপরাধ প্রমাণিত হলে জরিমানা গুণতে হতে পারে এই যুগলের। দ্বিতীয় দফার কোভিড-১৯ সংক্রমণে জর্জরিত ইতালিতে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ নিষিদ্ধ।
দলের জৈবসুরক্ষা বলয় ভেঙে ভ্রমণ করায় সমালোচিতও হচ্ছেন রোনালদো। তবে নিজেদের ভুল এখনো স্বীকার করেননি রোনালদো ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের পোস্ট মুছে দিয়ে বৃহস্পতিবার ঘরোয়াভাবে জন্মদিন উদ্যাপনের একটি ছবি পোস্ট করেছেন জর্জিনা।
