চলছে এশিয়ান অনলাইন শুটিং

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:০৪

স্পোর্টস রিপোর্টার

নিজেদের প্রস্তুত রাখতে দেশের শুটাররা এখন অনলাইন শুটিংয়ে লড়াই করে যাচ্ছেন। গতকাল গুলশানস্থ শুটিং কমপ্লেক্সে এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের ২২ দেশ লড়াই করছে। গতকাল দেশের ছয় শুটার পিস্তল ইভেন্টে লড়াই করলেও ভালো কিছু করতে পারেননি। ছয় পিস্তল শুটারের মধ্যে নুর আলিফ ৫৫৩ স্কোর, আবদুর রাজ্জাক ৫৫৬ স্কোর, শাকিল আহমেদ ৫৬৬ স্কোর, আরমিন আশা ৫৫৬-১০ এক্স স্কোর, আরদিনা ফেরদৌস ৫৬২ স্কোর, নিলুফা ইয়াসমিন ৫৫৭-১০ এক্স স্কোর করেন।

এতে আশার বাণী শোনাতে পারেননি সাবেক তারকা শুটার শারমিন আক্তার রত্না। তিনি দলের সহকারী ক্যাম্প কমান্ডার। রত্নার মতে, এই স্কোর পদক পাওয়ার মতো নয়। কারণ ২২টি দেশের শুটাররা অংশ নিচ্ছেন এখানে। যদি এশিয়ান পর্যায়ের সেরা শুটাররা অংশ নিয়ে থাকেন, তাহলে পদক অসম্ভব। তবে আরদিনা, নুর আলিফদের পজিশন জানা যাবে।’ নিজের টাইমিং নিয়ে হতাশ আরমিন আশা, ‘প্রায় দুবছর পর কোনো আন্তর্জাতিক শুটিংয়ে অংশ নিয়েছি আমি। হোক তা অনলাইন।

এক বছর হাতে পিস্তলই তোলা হয়নি। স্কোর এর চেয়ে ভালো আর কি হতে পারে। যদিও আমার সিলেকশন স্কোর ভালো ছিল, ৫৬৩ এবং ৫৬৮ স্কোরও করেছিলাম। প্রস্তুতিও ভালো ছিল। তাই বলব দিনটি আমার ছিল না।’ আজ রাইফেল ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এরপরে দুটি ইভেন্টের স্কোর একসঙ্গে প্রকাশ করবে এএসসি।