মানিকগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে লুণ্ঠিত সিগারেটবাহী কাভার্ড ভ্যান উদ্ধার, গ্রেফতার ৬

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:২২

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে লুণ্ঠিত ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পরে বৃহস্পতিবার সকালে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলেন নওগাঁ জেলার মো. হাসান বেপারী রানা, দিনাজপুর জেলার মো. সালাউদ্দিন, পাবনা জেলার মো. নুরুজ্জামান হোসেন মোক্তার, গাইবান্ধা জেলার কাউসার হোসেন, সিরাজগঞ্জ জেলার মো. সাইফুল ইসলাম, ফরিদপুর জেলার মো. পান্না শিকদার পাপ্পু শিকদার।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের দোতরা নামক স্থানে দুর্বৃত্তরা ডিবি পুলিশ পরিচয়ে সিগারেট বহনকারী কাভার্ড ভ্যান গতিরোধ করে। পরে তারা কাগজপত্র দেখার অজুহাতে চালক ও হেলপারকে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। ডিবি পরিচয়ধারী অন্য সদস্যরা সিগারেটের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এ/পি-অগ্রণী ট্রেডিং করপোরেশন লিমিটেড (ডিস্ট্রিবিউটর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড) মানিকগঞ্জ শাখার সেলসম্যান লিখিতভাবে সাটুরিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তদন্ত শুরু করেন। পরে ঢাকার মিরপুর, উত্তরা, হেমায়েতপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত কাভার্ড ভ্যান, ডাকাতির কাজে ব্যবহূত একটি গাড়ি এবং আসামিদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, গামছা এবং রশি জব্দ করা হয়েছে।