ফের বাড়তে শুরু করেছে সব ধরনের চালের দাম। অস্বাভাবিক বৃদ্ধির পর টানা তিন সপ্তাহ ধরে চালের দাম কমছিল। বাজারে গত সপ্তাহে যে চালের কেজি ছিল ৫৫ টাকা, এখন সেই চালই বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে। আর ৫০ টাকা কেজি দরের চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়। ৪৫ টাকা কেজিতে নেমে আসা মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়।
সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে, গত এক সপ্তাহের ব্যবধানে মাঝারি চালের দাম বেড়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। মোটা চালের দাম বেড়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ। তবে দুই-এক দিনের মধ্যে চালের দাম কমে আসতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে কাওরান বাজারের চাল ব্যবসায়ী আবদুর রহমান বলেন, চাল সরবরাহে কমতি থাকায় এই সপ্তাহে চালের দাম বেড়েছে। আমদানি করা চাল বিক্রি শুরু হলে দুই-এক দিনের মধ্যে দাম কমে আসবে।
এদিকে গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতা ধরে রেখে স্বস্তি বিরাজ করছে সবজির বাজারে। বিশেষ করে পেঁয়াজ ও আলুর দাম আরো কমে গেছে। পেঁয়াজের কেজি এখন ৩০ টাকায় নেমেছে। আর আলু বিক্রি হচ্ছে ১৭ টাকা কেজিতে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। খোলা সয়াবিন তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবার পর গত সপ্তাহে কিছুটা কমলেও এ সপ্তাহে আবার বেড়েছে। বোতলজাত সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে।
এ প্রসঙ্গে পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি গোলাম মাওলা বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমাদের বাজারে দাম বাড়ে। আবার বিশ্ববাজারে দাম কমলে এখানেও দাম কমে। তবে শীতের সময় সয়াবিন তেল জমাট বেঁধে যায়। যার ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে তেলের দাম বেড়ে যায়। এক্ষেত্রে কোম্পানিগুলো মিলগেটেই দাম বাড়িয়ে দেয়।
