মেহেন্দিগঞ্জে সরকারি কলেজ উপাধ্যক্ষের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:৩৮

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে সরকারি আরসি কলেজের উপাধ্যক্ষের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া ঐ ভিডিওতে উপাধ্যক্ষকে বলতে শোনা যায়, এমপি পঙ্কজ দেবনাথের নমিনেশন শেখ হাসিনার হাতে নয়, বরং পঙ্কজকে নমিনেশন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায়ই যাবে না। এ বিষয়টি যারা বোঝেন না,  সেসব রাজনীতিবিদদের ‘ছেলেমানুষ’ বলে আখ্যা দেন ঐ উপাধ্যক্ষ।

মঙ্গলবার বিকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর উঠান বৈঠকে মেহেন্দিগঞ্জ সরকারি রশিক চন্দ্র মহাবিদ্যালয়ের (আরসি কলেজ) উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এসব কথা বলেন। তার এমন বক্তব্য নিয়ে বরিশালের আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন আমু নিজেও তার এ বক্তব্যে বিব্রত, যিনি পঙ্কজ অনুসারী নেতা। উপজেলা যুবলীগ সভাপতি মো. চান বলেন, এক রাজ্যের এক রাজার নিয়মেই যদি মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগ চলতে থাকে তাহলে একপর্যায়ে হারিয়ে যাবে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস বলেন, দলীয়ভাবে আলোচনা করা হবে এ ব্যাপারে। সরকারি উপাধ্যক্ষের এ ধরনের বক্তব্য অনুচিত বলে তিনি মন্তব্য করেন।