সদরপুরে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতালে ভাঙচুর

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:৩৮

সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে চিকিত্সকদের অবহেলায় গত বৃহস্পতিবার বিকালে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রামের রাশেদ বেপারী (৭০) নামে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে তাকে ঐ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তৃপক্ষ ৪০ মিনিট রোগীকে গেটে রেখে দেয় এবং কোনো চিকিত্সাসেবা দেননি। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক রাশেদ বেপারীকে পরীক্ষা করে ফরিদপুরে রেফার্ড করেন। হাসপাতাল থেকে বের হবার পরপরই মারা যায় রাশেদ বেপারী। এ ঘটনার পর হাসপাতালে ভাঙচুর চালায় ক্ষুব্ধ ব্যক্তিরা। স্বজনদের অভিযোগ, চিকিত্সক ও নার্সদের রোগীর শারীরিক অবস্থা ভালো নয় জানালেও তারা কোনো পদক্ষেপ নেননি। তাদের অবহেলার কারণেই রোগী মারা যায়।

বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালের চিকিত্সক ডা. নওশাদ বিন কাদরি জানান, রাশেদ বেপারীকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে আমরা তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ফরিদপুরে রেফার্ড করি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীকে অবহেলা করা হয়নি। ঠিকমতোই চিকিত্সাসেবা দেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করে।