শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চার দিনের যাত্রা উত্সব। শিল্পকলা একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার শুরু হয়েছে ‘যাত্রাশিল্পের নবযাত্রা’ শীর্ষক যাত্রা উত্সব ২০২১। যাত্রা হলো চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী শিল্পমাধ্যম। যা হারিয়ে যেতে বসেছিল। শিল্পকলা একাডেমির উদ্যোগে সেই যাত্রা নতুন জীবন ফিরে পেয়েছে। জেলায় জেলায় গড়ে উঠেছে যাত্রাপালার দল। তাদের নিয়মিত পরিবেশনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে চার দিনব্যাপী এবারের উত্সবটি নিয়মিত আয়োজনের ১২তম আসর।
দেশের বিভিন্ন প্রান্তের যাত্রাদলের অংশগ্রহণে জমে উঠেছে যাত্রা উত্সব। বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা যাত্রাপালা মঞ্চস্থ করছে দলগুলো। এবারের উত্সবে বিভিন্ন জেলায় ২২টি যাত্রাদল অংশ নিচ্ছে। গতকাল শুক্রবার উদ্বোধনী দিনে ময়মনসিংহের দি নিউ আলেয়া অপেরা মঞ্চস্থ করে যাত্রা ‘বেহুলা’। এরপর একই জেলার ঈশিতা অপেরা ‘বেহুলা লখিন্দর’ ও দি নিউ রূপা অপেরা মঞ্চস্থ করে ‘বেহুলা সুন্দরী’। জামালপুরের হীরামন অপেরা মঞ্চস্থ করে ‘নিজাম খুনি’। সবশেষে টাঙ্গাইল জেলার কালিহাতী বেহুলা লখিন্দর অপেরা ও ভাষান অপেরা একই পালা ‘বেহুলা লখিন্দর’ মঞ্চস্থ করে। আজ শনিবার পিরোজপুর, বরিশাল ও খুলনা জেলার পাঁচটি দল যাত্রাপালা মঞ্চস্থ করবে। আসন খালি থাকা সাপেক্ষে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন। পহেলা ফেব্রুয়ারি শেষ হবে এই যাত্রা উত্সব।
