নগরীর আগ্রাবাদের ঢেবারপাড় এলাকায় এক্সকাভেটরের ধাক্কায় ধসে পড়া রাস্তার পাশের দেওয়ালের নিচে চাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। নিহত দুই জন হলেন, নোয়াখালীর বসুরহাট এলাকার মনতাজ মিয়ার পুত্র মোহাম্মদ শহীদ উল্লাহ (৫০) এবং রংপুরের আক্তার হোসেনের পুত্র আল আমিন (২৬)। গতকাল শুক্রবার বেলা ২টায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত শহীদ উল্লাহ মসজিদ থেকে বের হয়ে ঐ দেওয়ালের পাশের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে মাস্ক কিনছিলেন।
জানা গেছে, শহীদ উল্লাহ পিডিবির গাড়ি চালক ও আগ্রাবাদ পিডিবি অফিসে কর্মরত ছিলেন। আল আমিন আগ্রাবাদের বেতারকেন্দ্র এলাকার বাসিন্দা। আহতদের এক জনের নাম রাকিব উদ্দিন। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। আহত অপর ব্যক্তির নাম জানতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ইত্তেফাককে জানান, দেওয়ালের অন্য পাশে এক্সকাভেটর দিয়ে বালি সরানোর কাজ চলছিল। বালি সরানোর সময় এক্সকাভেটরের ধাক্কায় দেওয়াল ধসে পড়ে। সেখানে ভ্যানগাড়ি থেকে মাস্ক কেনার জন্য দাঁড়ানো কয়েক ব্যক্তি দেওয়ালের নিচে চাপা পড়েন। সীমানা দেওয়ালের পাশে একটি ভ্যানগাড়ি থেকে মাস্ক বিক্রি করছিলেন আল আমিন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, আগ্রাবাদের ঢেবার পাড়ে দেওয়াল ধসের ঘটনার পর আহত অবস্থায় মোহাম্মদ শহীদ উল্লাহ ও আল আমিনকে হাসপাতালে আনা হয়। তারা চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, ঢেবারপাড় জামে মসজিদের পাশে একটি সীমানা দেওয়াল ধসে এই হতাহতের ঘটনাটি ঘটেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, স্থানীয় জনসাধারণের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুই জন মারা যান। সীমানা দেওয়ালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ের বিরোধপূর্ণ জায়গায় বলে জানা গেছে।
