কংগ্রেসে রিপাবলিকানদের শক্তি ফেরাতে কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২৩:৪২

কংগ্রেসে রিপাবলিকানদের শক্তি ফেরাতে কাজ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি রাজনীতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি প্রতিনিধি পরিষদের সংখ্যালঘিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকও করেছেন। খবর সিএনএনের

আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাবে রিপাবলিকান পার্টি। আর এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবেন। ট্রাম্পের সেভ আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আজকের মতো ট্রাম্পের জনপ্রিয়তা এতো ছিল না। তার স্বীকৃতির অর্থ হচ্ছে, ভালো ফল হবে। ফ্লোরিডার পাম বিচে কেভিন ম্যাককার্থির সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর কমিটি এই বিবৃতি দেয়। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে ম্যাককার্থির সঙ্গে একমত হয়েছেন ট্রাম্প। আলাদা এক বিবৃতিতে ম্যাককার্থি ঘোষণা দিয়েছেন, রিপাবলিকান পার্টি ঐক্যবদ্ধ এবং জয়ের জন্য প্রস্তুত। গত ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলার পর ম্যাককার্থি ট্রাম্পকে দায়ী করেছিলেন। তবে তিনি ট্রাম্পের অভিশংসনের পক্ষে ছিলেন না। সেই ম্যাককার্থির সঙ্গে ট্রাম্পের বৈঠক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে।