নির্বাচন এখন শুধু একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে :রিজভী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২৩:৪৪

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্ধারিত ব্যক্তিকে ‘মেয়র’ ঘোষণা দেওয়া ছিল আনুষ্ঠানিকতা। নির্বাচন এখন পরিণত হয়েছে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায়। সরকার নির্বাচনকে ভোট ডাকাতির কালচারে পরিণত করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হলো আওয়ামী ইতিহাসের ধারাবাহিক ভোট ডাকাতির আরেকটি নজীরবিহীন দৃষ্টান্ত। নির্বাচন কমিশনের আলাদা সত্তাই নেই, ওটা আওয়ামী লীগেরই একটি অঙ্গসংগঠন।’

তিনি বলেন, চট্টগ্রামে দিনভর সহিংসতা, খুনাখুনি, গোলাগুলি, ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ইভিএমের গোপনকক্ষে সরকারি ক্যাডারদের তাণ্ডব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ধানের শীষের প্রার্থীদের সব এজেন্টকে মারধর করে তাড়িয়ে দিয়ে ভোট ডাকাতির উত্সব করেছে আওয়ামী লীগ। ইভিএমে ভোটাভুটি হলেও নির্বাচন শেষ হওয়ার ১০ ঘণ্টা পরে রাত পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তা গণভবন থেকে পাঠানো ফলাফল ঘোষণা করেন। অথচ ইভিএমে ফলাফল দিতে সর্বোচ্চ এক-দুই ঘণ্টার বেশি লাগার কথা নয়।

গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নিজের পদ বাঁচাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের বাসায় অবরুদ্ধ অবস্থায় অনলাইনে সংবাদ সম্মেলন করছেন। তার আপন ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের ‘পদ বাঁচাতে’ অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন।

রিজভী বলেন, অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতে আটক থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সেই দেশটির আদালত। কুয়েতের আদালতে বর্তমান সংসদের একজন এমপির সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এতে সরকারের টনক না নড়লেও এটি দেশের জন্য লজ্জার। তিনি বলেন, টিআইবি রিপোর্ট দিয়েছে দুর্নীতির ধারণা সূচকে আগের বছরের তুলনায় আরো দুই ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ। দুর্নীতি দমনে দুদক কার্যকর ভূমিকা রাখছে না। ‘দুদক হলো বিরোধীদল নির্যাতনের হাতিয়ার। আর সরকারি দলের দুর্নীতি ধোয়ার মেশিন।’ 

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, অধ্যাপিকা শাহিদা রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।