যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০০:২৬

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উত্সবে যোগদানের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত মঙ্গলবার মার্কিন সিনেট ব্লিনকেনের নিয়োগ নিশ্চিত করে। এর পরই তাকে অভিনন্দন জানিয়ে পাঠানো চিঠিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের বিষয়টি তিনি জানতে পারবেন। শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও নিরাপত্তাসহ দুই দেশের জন্য অভীষ্ট লক্ষ্য অর্জনে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন মোমেন। তিনি আশা প্রকাশ করেন যে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গা সংকটে শক্ত রাজনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগে বাইডেন প্রশাসন আরো কার্যকরভাবে সম্পৃক্ত হবে। তিনি বলেন, মার্কিন বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভালো গন্তব্য এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।