কেরানীগঞ্জে ২ কোটি টাকার ভেজাল প্রসাধনী জব্দ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০০:২৭

ঢাকার কেরানীগঞ্জে একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভেজাল প্রসাধনী জব্দ করেছে র্যাব। একই দিন মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক একটি অভিযানে দুই বেকারি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার র্যাব-২-এর নেতৃত্বে ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহায়তায় এ অভিযান চলে।

র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় এবং বিএসটিআইয়ের সহায়তায় কেরানীগঞ্জে মার্ক-৩ টয়লেট্রিজ লিমিটেড নামক একটি সাইনবোর্ড বিহীন প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালানো হয়। কারখানাটিতে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী উত্পাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্রান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্যের তারিখ পরিবর্তন করে নতুন মেয়াদ লাগিয়ে বাজারজাত করাসহ বিভিন্ন গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রোডাকশন ম্যানেজার আসলাম (৫০) ও ডেলিভারি ম্যান তপু দে’র (৩১) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করাসহ প্রায় ২ কোটি টাকা মূল্যের নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

অন্যদিকে একই ম্যাজিস্ট্রেট ও বিএসটিআইয়ের সহায়তায় মোহাম্মদপুরের কাটাসুর এলাকার রুহি বিস্কুট অ্যান্ড ব্রেড বেকারি এবং বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বেকারিতে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে দুটি বেকারিতে বিএসটিআইয়ের মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অননুমোদিত রং ব্যবহার, নোংরা পরিবেশে পচা উপাদান দ্বারা খাবার উত্পাদন, মজুত ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।