মুন্সীগঞ্জের মিরকাদিমে নির্বাচনী সহিংসতায় কাউন্সিলর প্রার্থী আহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০০:৩৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরে এ ঘটনা ঘটে।

আবু তাহেরের ছেলে শোভন অভিযোগ করে বলেন, ‘একই ওয়ার্ডে আমার বাবার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন। মনসুর আহম্মেদ কালামের সমর্থক আওলাদ-ঝিল্লু-জনি গং আমাদের ‘কমলাঘাট শোভন ওয়েল ম্যাটন ফ্যাক্টরিতে’ ঢুকে অতর্কিত হামলা চালিয়ে বাবার হাত-পা ভেঙ্গে দেয়। মাথা ফাটিয়ে দিয়েছে।’ পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, আবু তাহের গত দুই দফা কাউন্সিলর ছিলেন। মিরকাদিম পৌরসভায় বর্তমান মেয়ের শহীদুল ইসলাম শাহীন ও মনসুর আহম্মেদ কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। শাহীনের সমর্থক আবু তাহের এবং কালামের সমর্থক হিসাবে পরিচিত আওলাদ হোসেন। আসন্ন ১৪ ফেব্রুয়ারি মিরকাদিম পৌরসভা নির্বাচনে তারা দুই জনই একই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক  বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে মিরকাদিম পৌর নির্বাচন নিয়ে এর আগেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব বিয়ষগুলো আমাদের নজরে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।