ফরিদপুরের সালথায় রামকান্তপুরবাজার-ময়েন্দিয়া সড়কের রাধুখালী খালের ওপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশে নেই কোনো রেলিং। বেশির ভাগ পিলারের পলেস্তারা ওঠে গেছে। বেরিয়ে গেছে রড। এক পাশে ভেঙে যাওয়া বড় একটি অংশে কাঠের পাটাতন বিছিয়ে জোড়াতালি দিয়ে পার হচ্ছে হাজারো মানুষ ও যানবাহন। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
আরও পড়ুন: ধসে পড়া ব্রিজ, ঝুঁকিপূর্ণ সাঁকো!
রামকান্তপুর গ্রামের বাসিন্দা নজরুল তালুকদার বলেন, রামকান্তপুরবাজার-ময়েনদিয়া সড়কের সাবেক ইউপি সদস্য আবু নাসেরের বাড়ির সামনে রাধুখালি খালের ওপর সেতুটি নির্মিত হয় ৪০ বছর আগে। দীর্ঘ ১০ বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ হিসেবে মাঝেমধ্যে কর্মকর্তারা মাটি পরীক্ষা করে গেলেও এখনো বিজ নির্মাণের কোনো লক্ষণ নেই। মনে আতঙ্ক-ভয় আর ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
মাসুদুর রহমান খান নামে আরেক ব্যক্তি বলেন, সেতুটি ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙে পড়ে। এমন আশঙ্কা নিয়ে ঐ সেতুর ওপর দিয়ে জেলা-উপজেলা সদরে নিয়মিত চলাচল করছি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
আরও পড়ুন: আড়পাঙ্গাশিয়া নদীর বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সেতুটি দুই বার সংস্কার করা হয়েছে। সেতুটি এখন দ্রুত পুনর্নির্মাণ না করলে ভেঙে পড়তে পারে। উপজেলা প্রকৌশলী তৌহিদুর মো. রহমান বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। দ্রুতই পুনর্নির্মাণ করা হবে।
ইত্তেফাক/এমএএম

