করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনার মধ্যেই ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতিতে বাংলাদেশে প্রথম টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
এর পর থেকে মন্ত্রী, চিকিৎসক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ করোনার টিকা নিয়েছেন। আর এ টিকা নিয়ে অনেকের মাঝে এখনো চলছে নানা আলোচনা। টিকা নেওয়ার পর গ্রহীতারা কেমন আছেন তা জানার চেষ্টা করেছে দৈনিক ইত্তেফাক অনলাইন।
কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দুরে থাকুন। আমি ভ্যাকসিন নিয়েছি, কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কৃতজ্ঞতা...
Posted by Zunaid Ahmed Palak on Wednesday, January 27, 2021
মন্ত্রিসভার সদস্য হিসেবে ২৮ জানুয়ারি সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কেন্দ্র থেকে করোনা টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। টিকা নেওয়ার পর অনুভূতি জানিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দূরে থাকুন। আমি ভ্যাকসিন নিয়েছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য। কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করুন www.surokkha.gov.bd ওয়েবসাইটে ।’
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা শনিবার একান্ত আলাপচারিতায় ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘টিকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক আছি, আমার কোনো অসুবিধা হয়নি। শুক্রবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছি। আজ এক আত্মীয়র বিয়েতে আসলাম। আমি একেবারেই স্বাভাবিক রয়েছি।’

সবার উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবাই কোনো দ্বিধা না করে স্বাভাবিকভাবে টিকা গ্রহণ করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা কিংবা পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। টিকা আমাদের জন্য এখন আশার আলো।’
প্রথম দিনে কয়েকজনের মধ্যে টিকা নিয়েছিলেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. আল মাছুম মোল্লা। টিকা নেওয়ার পর এখন কেমন আছেন জানতে চাইলে তিনি ইত্তেফাক অনলাইনকে বলেন, টিকা নেওয়ার পর থেকে আমি স্বাভাবিকভাবে অফিস করছি। আমার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি অফিসের কাজে এখন রোহিঙ্গাদের ক্যাম্প ভাসানচরে অবস্থান করছি। এখানে এসেও স্বাভাবিকভাবে কাজ করছি। যারা টিকা গ্রহণ করতে চাচ্ছেন বা টিকা গ্রহণ করবেন এবং সবাইকে একটাই কথা বলতে চাই একদম স্বাভাবিকভাবে টিকা গ্রহণ করুন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ভয় পাচ্ছি কিনা বলার পর সাহস বেড়েছে: নার্স রুনু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন ঢামেকের নাক, কান ও গলা সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি। তিনি দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘টিকা গ্রহণ করে আমার কোনো অসুবিধা হয়নি। আমি আবার দেড়মাস পরে দ্বিতীয় ডোজ গ্রহণ করবো। তাই সবাইকে আহ্বান জানাবো কোনো ভয়ভীতি না করে টিকা গ্রহণ করতে।’
ইত্তেফাক/ইউবি
