দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৯:৫৪

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এস এম খালিদ।

সম্প্রতি কুয়েতের একটি আদালতে মানব ও অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপলুর সাজা হওয়ার পর বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন ‘পাপলুর সাজায় আওয়ামী লীগের দুর্নীতি আজ বিশ্বস্বীকৃত’ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, ‘বিএনপির দুর্নীতির কারণে তাদের আমলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যাদের আমলে দেশ পরপর চারবার একক ও একবার যুগ্মভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে দুর্নীতি নিয়ে মন্তব্য হাস্যকর।’ 

আরও পড়ুন: আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে আজ

এর আগে প্রধান অতিথির বক্তৃতায় শিশু চলচ্চিত্র উৎসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরণের উৎসব শিশু-কিশোরদের মেধা, মনন, দেশপ্রেমবোধে উৎসাহিত করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মমতা জাগ্রত করতে অত্যন্ত সহায়ক।’ 

সংস্কৃতি প্রতিমন্ত্রী এস এম খালিদ বলেন, শিশু চলচ্চিত্র উৎসবটি শিশু-কিশোরদের পরিচালনায় আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের ও এটি তাদের সৃষ্টিশীলতার নজীর।  

রবিবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৮১টি দেশের প্রায় দেড় হাজার চলচ্চিত্র নিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনে গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকছে। 
 

ইত্তেফাক/ইউবি