বিনোদন রিপোর্ট
বিশ্ববিদ্যালয় শিক্ষক ও উপস্থাপক সুবর্ণা নওয়াদীর দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করছেন টেলিভিশন মাধ্যমে। এরইমধ্যে নিজের মেধা যোগ্যতায় জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার, বাবিসাস অ্যাওয়ার্ডসহ ক্যারিয়ারে যোগ করেছেন বেশকিছু পুরস্কার। সেই সফলতার ঝুড়িতে এবার জমা হলো আরো একটি অর্জন। শিক্ষা ও সংস্কৃতি ক্যাটাগরিতে স্টার প্লাস অ্যাওয়ার্ড পেলেন তিনি। ২৯ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত হয় এই পুরস্কার প্রদানের আসর।
নিজের আরেকটি সফলতায় উচ্ছ্বসিত সূবর্ণা বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ স্টার প্লাস কমিউনিকেশন এবং দর্শকদের প্রতি। দর্শকদের ভালোবাসাতেই আজকে আমি এই অবস্থানে আসতে পেরেছি। কাজের স্বীকৃতি আরো ভালো কাজে অনুপ্রেরণা জোগায়। সবসময় চেষ্টা করবো ভালো কাজের মাধ্যমে সবার ভালোবাসা অর্জনের।’
