বিনোদন ডেস্ক
নিজের ক্যারিয়ারে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র যোগ করার পাশাপাশি দক্ষিণী সিনেমার সবচেয়ে জনপ্রিয় তকমাটিও এখন জুড়ে গেছে শ্রুতি হাসানের নামের সঙ্গে। এরইমধ্যে দক্ষিণের প্রায় সকল দামি অভিনেতার সঙ্গে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তার নায়কের তালিকায় যোগ হচ্ছে সুপারস্টার প্রভাসের নাম। ‘বাহুবলী’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তুমুল জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় নাম লেখান প্রভাস। তাকে ঘিরে ভক্তদের আগ্রহ ও কৌতুহলের শেষ নেই। আর এই অভিনেতার সঙ্গেই এবার পর্দায় রসায়ন দেখাবেন শ্রুতি। প্রভাসের ‘সালার’ শিরোনামের নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে। সম্প্রতি এই নায়িকার ৩৫তম জন্মদিন উপলক্ষে এমন খবর দিয়ে শ্রুতি ভক্তদের চমকে দেয় হোম্বেল ফিল্মস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রুতিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এমন ঘোষণায় রীতিমতো উচ্ছ্বসিত শ্রুতি হাসান। শ্রুতি বলেন, ‘নিজের জন্মদিনে এমন খবর সত্যি অনেক বেশি আনন্দের। আর সেটা যদি হয় প্রভাসের সঙ্গে স্ত্রিন শেয়ার করা তাহলে তো কথাই নেই। নিজের ভেতর উচ্ছ্বাস কাজ করছে।’
প্রভাসের সঙ্গে শ্রুতির অভিনয়ের এই খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানানো শুরু করেছেন। শুভেচ্ছা জানাতে ভুল করেননি প্রভাস নিজেও। এই অভিনেতা নিজের ইনস্টাগ্রাম থেকে শ্রুতিকে জন্মদিনের শুভেচ্ছাসহ নতুন সিনেমায় জুটি হিসেবে ভালো অভিজ্ঞতার প্রত্যাশা করেছেন।
