কর্নওয়ালের ঘূর্ণিতে চ্যালেঞ্জ জানাল উইন্ডিজরা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২১:৩৯

প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ সফরে আসার পরই গণমাধ্যমের শিরোনাম, ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাহকিম কর্নওয়াল। সেটা অবশ্যই তার ক্রিকেটীয় সত্তার কারণে নয়। ক্যারিবিয়ান এ অলরাউন্ডারকে নিয়ে মাতামাতি হয়েছিল শারীরিক গঠন নিয়ে। বাংলাদেশে এসে প্রথমবার ২২ গজের লড়াইয়ে নামতেই কর্নওয়াল বুঝিয়ে দিলেন ক্রিকেটীয় স্কিল দিয়ে টাইগারদের নাকাল করতে প্রস্তুত তিনি।

গত তিন সপ্তাহ অনুশীলন করে বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং নিজের ক্রিকেটীয় সামর্থ্যের স্বরূপ তুলে ধরেছেন তিনি। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের মন্থর উইকেটেই বল হাতে ঘূর্ণি জাদু দেখালেন কর্নওয়াল। তিন দিনের প্রস্তুতি ম্যাচে গতকাল তার ভেল্কিতেই বিসিবি একাদশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৬০ রানে। ১৬.৪ ওভার বোলিং করে ৩ মেডেনসহ ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন অফস্পিনার কর্নওয়াল। সঙ্গে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান তিনটি, আলজারি জোসেফ, কেমার রোচ ১টি করে উইকেট নিয়েছেন।

সব মিলিয়ে গতকাল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট সিরিজে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানানোর কাজটা সেরেছে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজে অনেকটা একপেশে লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। সাদা পোশাকের ক্রিকেটে দুই ম্যাচের সিরিজে কঠিন লড়াই হবে, প্রস্তুতি ম্যাচেই এমন আভাস দিয়ে দিল সফরকারীরা।

প্রথম ইনিংসে ২৫৭ রান করা উইন্ডিজরা গতকাল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে। এনক্রুমা বনার ৮০ ও জশুয়া ডি সিলভা শূন্য রানে অপরাজিত আছেন। আগের ইনিংসে হাফ সেঞ্চুরি করা অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ব্যাটিংয়েই নামেননি। ওপেনার জন ক্যাম্পবেল ৬৮, কেভাম হজ ১৯ রান করেছেন। বিসিবি একাদশের পক্ষে সাইফ হাসান ২টি, খালেদ-মুকিদুল- তৌহিদ হূদয় ১টি করে উইকেট পেয়েছেন। দ্বিতীয় দিন শেষে ২৭৬ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের বিনা উইকেটে ২৪ রান নিয়ে খেলতে নেমে গতকাল ১৩৬ রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। দিনের প্রথম ওভারেই রোচের বলে এলবির ফাঁদে পড়েন সাইফ হাসান। উইকেটে অনেক সময় কাটালেও ৮২ বল খেলে ২২ রান করে ফিরেছেন আরেক ওপেনার সাদমান। তিনে নেমে দ্রুতগতিতে ৪৫ রান করা নাঈম শেখকে বোল্ড করে কর্নওয়ালের শিকার উত্সব শুরু হয়। ইয়াসির আলীও তার বলে ক্যাচ দেন। মিডল অর্ডারে শাহাদাত দিপু ও অধিনায়ক নুরুল হাসান সোহানের প্রতিরোধের চেষ্টা থামিয়ে দেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। দিপু ১৩, সোহান ৩০ রান করেন। বিসিবি একাদশের ইনিংসের লেজটা দ্রুত গুটিয়ে দিয়েছেন কর্নওয়াল। আকবর আলী, মাহমুদুল হাসান জয় ও খালেদকে ফেরান তিনি।