পুরাতন ভেন্টগুলো প্রায় অকেজো

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:০৮

শালিখা স্লুইসগেট

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা এলাকায় বেতনা নদী ও কপোতাক্ষ নদের মধ্যে নির্মাণ করা ১৫ ভেন্টের (ফোকর) স্লুইসগেটের পুরাতন ভেন্টগুলো প্রায় অকেজো হয়ে পড়েছে। এতে যে কোনো সময় ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করছে কৃষকসহ স্থানীয় বাসিন্দারা। স্লুইসগেটের উত্তরাংশে বেতনা নদী আর দক্ষিণাংশে কপোতাক্ষ নদ। তবে কর্তৃপক্ষ বলছে, দ্রুত স্লুইসগেটটি সংস্কার করা হবে। সরেজমিন গিয়ে দেখা যায়, জরাজীর্ণ স্লুইসগেটটির নিচে পলি জমে ভরাট হয়ে গেছে। বিষয়টি সরকারের নজরে আনতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ করেছেন এলাকাবাসী। পরবর্তী সময়ে সরকারি বরাদ্দে পলি অপসারণ করা হয়। এতে পুনরায় পানি নিষ্কাশন হতে থাকে। তবে বহু দিনের পুরাতন ভেন্টগুলো প্রায় অকেজো হয়ে পড়েছে।

স্লুইসগেটটি বর্তমানে যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে। স্থানীয়ভাবে গেটটি দেখাশুনা করেন খেশরা এলাকার বিকাশ চন্দ্র সরকার। তিনি বলেন, আমি কোনো পারিশ্রমিক পাই না। তবে কারো পানি প্রয়োজন হলে আমাকে জানালে একটা ব্যবস্থা করি। তিনি আরো জানান, ২৪ ঘণ্টা একটি ভেন্ট (ফোকর) খোলা থাকে। তবে বহু দিন সংস্কার না করায় গেটটি জরাজীর্ণ হয়ে পড়েছে। খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজ বলেন, নদনদীর জোয়ার-ভাটার পানি থেকে কৃষকদের ফসল রক্ষায় পাকিস্তান আমলে স্লুইসগেটটি নির্মাণ করা হয়। তিনি আরো জানান, এই গেটের ১৫টি ফোকর আছে। একটা ফোকর দিয়ে পানি সব সময় চলাচল করে থাকে। তাছাড়া কারো পানি প্রয়োজন হলে বা যখন ঘেরবেড়ি শুকিয়ে যায় তখন দুই-একটা ফোকর খুলে দেওয়া হয়। তবে গেটটি বেশ পুরোনো হওয়ায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি আরো জানান, সরকারিভাবে এই গেটটি কয়েক বার সংস্কার করা হয়েছে।

খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু জানান, দীর্ঘদিন সংস্কার না করায় স্লুইসগেটটি নষ্ট হবার উপক্রম হয়ে এক প্রকার হুমকির মুখে পড়ছে। গেটটি আছে বলে আমরা জলাবদ্ধতা থেকে রক্ষা পাচ্ছি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ সুধাংশু শেখর সরকার বলেন, স্লুইসগেটটি সংস্কারের বিষয়টি ইতিমধ্যে ডিপিপিতে পাস হয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এটি দ্রুত সংস্কার করা হবে। যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম বলেন, স্লুইসগেটটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হবে।