ভিজিডি কার্ড না পাওয়ায় চেয়ারম্যানের চেয়ারে আগুন!

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১২

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুরের কাটলা ইউনিয়নে এক ইউপি সদস্য চাহিদামতো ভিজিডি কার্ড না পেয়ে শনিবার পুরাতন ইউপি অফিসের তালা ভেঙে অফিস ভাঙচুর ও চেয়ারম্যানের বসার চেয়ার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। ঐ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, ১ নম্বর ওয়ার্ডে এবার ২৬টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে; কিন্তু ইউপি সদস্য আরো বেশি কার্ডের দাবি করে শনিবার কাটলা বাজারে পুরাতন ইউপি অফিসের তালা ভেঙে জিনিসপত্র ভাঙচুর ও চেয়ারম্যানের বসার চেয়ার বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেন। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, তিনি ভিজিডি কার্ডের জন্য ১০ জনের নাম দিয়েছিলেন; কিন্তু ঐসব নাম তালিকায় না থাকায় তিনি অফিস ভাঙচুর করেন ও চেয়ার আগুনে পুড়িয়ে দিয়েছেন। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, চেয়ারম্যানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।