মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ যাচাইবাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের (অব.) যুগ্মসচিব গোলাম রহমান মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জে চক্ষু শিবির উদ্বোধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে শনিবার উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে চক্ষু শিবির উদ্বোধন করা হয়েছে। সংস্থার উপজেলা কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোলায়মান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ।
‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে শনিবার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল ছিদ্দিক।
বিজয় দিবসের পুরস্কার বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে বিজয় দিবস-২০২০ এর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ পিপিএম-সেবা প্রমুখ।
২১ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় শনিবার লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) বাস্তবায়নে উপজেলার বাপার্ড হলরুমে এর উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মো. মনিরুজ্জামান।
পূর্বধলায় বোরো আবাদে ব্যস্ত কৃষক
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা পূর্বধলায় চলতি বোরো মৌসুমের শেষ পর্যায়েও পুরোদমে চলছে বোরো আবাদ। গত আমন মৌসুমে অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলের আবাদ কিছুটা ব্যাহত হলেও এবার ঐ ঘাটতি বোরো দিয়ে পুষিয়ে নিতে কৃষকরা বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম জানান, এরই মধ্যে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ও ১৪ হাজার ৪০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মৌসুমের শেষ পর্যন্ত আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কর্মশালা
দাকোপ (খুলনা) সংবাদদাতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সিএনআরএসের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে দাকোপে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (ফেজ-১) চূড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম।
